আহ্মদের ফলক-লিপি (#8464)

*[ ‘‘এই সকল দৈনন্দিন বাধ্যতামুলক উপাসনাবলীকে, অন্যান্য কয়েকটি বিশেষ প্রার্থনাবলীসহ, যথা আরোগ্যদানকারী প্রার্থনা, আহম্মদের ফলক-লিপি, মহান বাহা’উল্লাহ্ কর্তৃক বিশেষ শক্তি ও গুরুত্ব প্রদান করা হইয়াছে, সুতরাং এইগুলিকে এইরূপ পূর্ণ ও প্রভাবসম্পন্ন বলিয়া গ্রহণ করিবে এবং এই ধর্মের বিশ্বাসিগণ কর্তৃক সন্দেহাতীত বিশ্বাস ও সুনিশ্চয়তার সহিত এইগুলিকে আবৃত্তি করিতে হইবে, যেন তাহাদের মাধ্যমে তাহারা ঈশ্বরের সহিত অতীব ঘনিষ্টতর সংস্পর্শে আসিতে পারে, এবং অধিকতর পূর্ণভাবে তাঁহার বিধান ও আদেশসমূহ নিজেরা গ্রহণ করিতে পারে’।- (শৌগী এফেন্দী ) ]
	তিনিই সম্রাট, সর্বজ্ঞ, সর্ব বিজ্ঞ। দেখ। এই স্বর্গের বুলবুল চিরস্থায়ী বৃক্ষের প্রশাখাসমূহের উপর পবিত্র ও সুমধুর স্বরে গান করিতেছে, তদ্বারা প্রকৃত ও সরল বিশ্বাসীদের নিকট ঈশ্বরের নৈকট্যের সু-সংবাদ ঘোষণা করিতেছে, ঐশী- একত্বে বিশ্বাসীগণকে পরম দয়ালু প্রভুর উপস্থিতি প্রাঙ্গনের দিকে আহ্বান করিতেছে, সংসার-বিচ্ছিন্নদের নিকট সেই সংবাদ প্রদান করিতেছে যাহা ঈশ্বর কর্তৃক অবতীর্ণ করা হইয়াছে, যিনি সম্রাট মহিমাময়, অতুলনীয়, প্রেমিক-প্রেমিকাগণকে পবিত্র আসনের দিকে এবং এই অত্যুজ্জ্বল সুষমার দিকে পথ প্রদর্শন করিতেছেন।   
 	সত্যই, ইহা ঐ পরম মহীয়ান সুষমা যাহার সন্বন্ধে সু-সংবাদবাহকদের পবিত্র ঐশী গ্রন্থসমূহে ভবিষ্যদ্বাণী লিপিবদ্ধ করা হইয়াছে, যাহার মাধ্যমে সত্যকে ভ্রান্ত-বিশ্বাস হইতে পৃথক করা হইবে এবং প্রত্যেক প্রত্যাদেশের বিজ্ঞতা বিচার করা হইবে। সত্যই তিনি জীবন-বৃক্ষ যাহা ঈশ্বরের ফলসমুহ উৎপন্ন করে, যিনি পরম গৌরবান্বিত, শক্তিশালী, মহিমাময়।
		হে আহম্মদ। তুমি সাক্ষ্য প্রদান কর যে, সত্যই, তিনি ঈশ্বর এবং তিনি ব্যতীত কোনও উপাস্য নাই, তিনি রক্ষক, তিনি সম্রাট, তিনি অতুলনীয়, তিনি সর্ব-শক্তিমান এবং যাঁহাকে তিনি “আলী” নামে প্রেরণ করিয়াছেন, সত্যই তিনি ঈশ্বরের নিকট হইতে আসিয়াছিলেন, যাঁহার আদেশ অনুসারে আমরা সকলেই কার্য করিতেছি।
	বলঃ হে মনুষ্যগণ তোমরা এই সকল বিধি নিষেধের অনুবর্তী হইয়া চল যাহা পবিত্র ‘‘বয়ান’ গ্রন্থে মহিমান্বিত সুবিজ্ঞ প্রভুর সকাশ হইতে বাধ্যতামুলক করা হইয়াছে। সত্যই তিনি সু-সংবাদবাহকদের সম্রাট এবং তাঁহার পবিত্র গ্রন্থ সত্যই ‘‘গ্রন্থজননী’’ যদি তোমরা তাহা জানিতে।
	এইরূপেই বুলবুল তাঁহার এই কারাগার হইতে তোমাদের নিকট তাঁহার আহ্বান ধ্বনি উচ্চারণ করিতেছেন। তাঁহার একমাত্র কর্তব্য হইতেছে এই সুস্পষ্ট সংবাদ প্রদান করা। যাহার ইচ্ছা সে এই উপদেশ হইতে ফিরিয়া যাউক এবং যাহার ইচ্ছা সে তাহার পরম প্রভুর দিকে পথ গ্রহণ করুক।
	হে মনুষ্যগণ, যদি তোমরা এই সকল বাণী অস্বীকার কর, তবে ইতিপূর্বে কোন্ প্রমাণে ঈশ্বরের প্রতি বিশ্বাস স্থাপন করিয়াছিলে? তাহা উপস্থিত কর, হে মিথ্যাবাদীদের জনমন্ডলী।
	না, যাঁহার হস্তে আমার আত্মা সমর্পিত তাঁহার শপথ, তাহারা ইহা করিতে সমর্থ নহে এবং কখনও সমর্থ হইবে না-যদিও তাহারা একে অন্যকে সাহায্য করিবার জন্য একত্রিত হয়।
	হে আহম্মদ। আমার অনুপস্থিতিতে আমার অনুকম্পাসমুহ ভুলিয়া যাইও না। তোমার দিবসসমুহে আমার দিবসসমূহ, এবং এই দূরবর্তী কারাগারে আমার দুর্দশা ও আমার নির্বাসন স্মরণ কর। এবং তুমি আমার প্রেম-ভালবাসায় এইরূপ অটল হও যেন তোমার অন্তর ইতস্ততঃ না করে, যদিও শক্রদের তরবারিসমুহ তোমার উপর আঘাত বর্ষণ করে, এবং আকাশমন্ডলের ও ভূ-মন্ডলের সকলেই তোমার বিরুদ্ধে উত্থিত হয়।
		আমার শক্রগণের প্রতি তুমি অগ্নি-শিখা সদৃশ হও, এবং আমার প্রিয়জনগণের জন্য চিরস্থায়ী জীবনের নদী-সদৃশ হও, এবং যাহারা সন্দেহ করে তাহাদের ন্যায় হইও না।
	এবং আমার পথে যদি তোমার উপর কোন ক্লেশ পতিত হয়, অথবা আমার জন্য অপমান ঘটে, তবে তুমি তজ্জন্য দুঃখিত হইও না।
	ঈশ্বরের উপর নির্ভরশীল হও, যিনি তোমার পরম প্রভু এবং তোমার পিতৃপুরুষদের পরম প্রভু। কারণ, মনুষ্যগণ ভ্রান্তির পথসমূহে বিচরণ করিতেছে এবং তাহাদের কোন বিচার-শক্তি নাই, যেন তাহারা তাহাদের নিজ চক্ষে ঈশ্বরকে দর্শন করিয়া চিনিয়া লইতে পারে, অথবা তাহাদের নিজ কর্ণে তাঁহার সুমধুর গীতিসমূহ শ্রবণ করিতে পারে। এইরূপই আমি তাহাদিগকে দেখিতে পাইয়াছি যেমন তুমিও দেখিতে পাইতেছ।
	এইরূপেই তাহাদের কুসংস্কারসমূহ তাহাদের মধ্যে ও তাহাদের অন্তরসমূহের মধ্যে অন্তরাল সদৃশ হইয়াছে এবং তাহাদিগকে ঈশ্বরের পথসমূহ হইতে দূরে রাখিয়াছে, যিনি মহিমান্বিত, যিনি পরম মহীয়ান।
	তুমি নিজের মধ্যে সুনিশ্চিত হও যে, সত্যই যে-ব্যক্তি এই পবিত্র সুষমা হইতে মুখ ফিরাইয়া লয়, সে পূর্ববর্তী কালের ঐশী সু-সংবাদদাতাগণের নিকট হইতেও মুখ ফিরাইয়া লইয়াছে, এবং ঈশ্বরের প্রতি অহংকার প্রদর্শন করিয়াছে অন্তকাল হইতে অন্তকাল যাবৎ।
	এই ফলক-লিপি মুখস্থ কর, হে আহম্মদ। তোমার দিবসমূহে ইহা সু-স্বরে আবৃত্তি কর, এবং ইহা হইতে তোমার নিজেকে নিবৃত্ত রাখিও না। কারণ, সত্য সত্যই ঈশ্বর ইহার আবৃত্তিকারীর জন্য ধর্মার্থে আত্মবলিদানকারী একশত পূণ্যাত্মার পুরস্কার এবং উভয় জগতের উপাসনার ফল নির্ধারিত করিয়াছেন। এই সকল অনুগ্রহ তোমার প্রতি আমাদের পক্ষ হইতে বদান্যতা স্বরূপ এবং আমাদের সকাশ হইতে করুণা স্বরূপ দান করা হইয়াছে, যেন তুমি কৃতজ্ঞ লোকদের মধ্যে পরিগণিত হইতে পার।
	ঈশ্বরের শপথ। যদি কোনও ব্যক্তি ক্লেশের বা শোকের সময়ে এই ফলক-লিপি সম্পূর্ণ সরলতার সহিত পাঠ করে, ঈশ্বর তাহার দুঃখ দূর করিবেন, তাহার ক্লেশসমূহ অপসারিত করিবেন।
	সত্য সত্যই, তিনি পরম করুণাময়, পরম দয়ালু। সকল প্রশংসা ঈশ্বরেরই জন্য, যিনি সমুদয় বিশ্বজগতের পরম প্রভু।
	তৎপর আমাদের পক্ষ হইতে তাহাদের সকলের নিকট এই ফলক-লিপি উল্লেখে তাহাদিগকে উপদেশ প্রদান কর, যাহারা ঈশ্বরের ধর্ম-নগরীতে বাসস্থান গ্রহণ করিয়াছে, যিনি সম্রাট, মহিমাময়, সুষমাসম্পন্ন, তাহাদের মধ্য হইতে যাহারা ঈশ্বরের প্রতি বিশ্বাস স্থাপন করিয়াছে এবং তাঁহার প্রতিও বিশ্বাস স্থাপন করে, যাঁহাকে ঈশ্বর অভ্যুত্থান দিবসে অভ্যুত্থান করেন এবং এই সকল লোক সত্যপথে ভ্রমনকারীদের অন্তর্ভূক্ত’’।

-Bahá'u'lláh
-----------------------

